সিলেট, ২১ জুলাই: সিলেটের শাহপরাণ (রহঃ) থানার খাদিমপাড়া এলাকা থেকে ১,০৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন, নুরু মিয়া (৪০), পিতা মৃত ইসলাম মিয়া এবং মো. তানভীর হাসান অভি (২৫), পিতা মৃত আব্দুস সোবহান। উভয়ের বাড়ি খাদিমপাড়া, থানা শাহপরাণ (রহঃ), জেলা সিলেট।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শাহপরাণ মাজার গেইটে অবস্থানকালে বিকাল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খাদিমপাড়া এলাকার একটি দোকানের ভেতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র্যাবের দলটি বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায়, তাদের হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা কালো, নীল ও গোলাপি রঙের বায়ুরোধক পলি জিপারযুক্ত প্যাকেটের ভেতরে রাখা ১,০৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।





