সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে সাত লাখ ৬২ হাজার টাকার ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহঃ) থানাধীন মুরাদপুর সাকিনস্থ বনফুল নামক মিষ্টির দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। অভিযানের সময় ঢাকা মেট্রো-ট-১১-২০৩৩ নম্বরের একটি কাভার ভ্যান তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ভ্যান থেকে ২৫৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য সাত লাখ ৬২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন মৃত কছিম উদ্দিন শেখের ছেলে আব্দুল মালেক (৪৯), মাতা-সবুজা খাতুন, সাং-পশ্চিম সাখনাইট, পোঃ-মমিনগঞ্জ, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ; এবং মো. মাসুদের ছেলে মো. জোনাইদ (১৮), মাতা-ফাতেমা খাতুন, সাং-বলজানা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ।
ঘটনার বিষয়ে শাহপরান (রহঃ) থানায় মামলা নং-৩৬, তারিখ ৩১/০৮/২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি (১)(বি)/২৫ডি ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপি’র মিডিয়া সেল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পণ্য ও মালামালের অবৈধ আমদানি রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





