মুম্বাই, মঙ্গলবার: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর অভিযোগ করেছেন, তার স্বামী ও রাজনৈতিককর্মী ফাহাদ আহমদসহ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে মুম্বাই পুলিশ। সোমবার মুম্বাইয়ের দাদারের চৈত্যভূমিতে বিক্ষোভ চলাকালে তাদের আটক করে মাহিম থানায় নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
গতকাল স্বরা ভাস্কর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ফাহাদ আহমদকে নিয়ে যাচ্ছে পুলিশ। ভিডিওতে ফাহাদ পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে থাকেন, “আমাকে কেন গ্রেপ্তার করছেন?” স্বরা ভিডিওটি শেয়ার করে লেখেন, “২০ জুলাই বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ের চৈত্যভূমি থেকে ফাহাদ ও অন্যান্য বিক্ষোভকারীকে মুম্বাই পুলিশ আটক করেছে। বর্তমানে তাদের মাহিম থানায় আটকে রাখা হয়েছে। এটাই ভারতের গণতন্ত্র। এটি লজ্জাজনক পরিস্থিতি।”
আন্দোলনে যারা অংশ নিতে চান, তাদের উদ্দেশে স্বরা ভাস্কর আরও লেখেন, “২০ জুলাই বিকেল সাড়ে ৪টায় ফাহাদ আহমেদকে আটকের এই ভিডিও হাতে পাই। অভিযোগ রয়েছে, মুম্বাই পুলিশ চৈত্যভূমিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে। যারা সংহতি প্রকাশ করতে চান, তারা শান্তিপূর্ণভাবে এবং বিপুল সংখ্যায় চৈত্যভূমিতে পৌঁছান।”
ইন্ডিয়া টুডে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে সমর্থন জানাতে চৈত্যভূমিতে জড়ো হওয়া বেশ কয়েকজনকে মুম্বাই পুলিশ আটক করে। পুলিশি অভিযানে কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন এবং কতজনকে আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল বিকাল ৪টার দিকে ফাহাদ আহমেদকে আটকের ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে স্বরা ভাস্কর জানান, রাত ৮টার দিকে ফাহাদকে ছেড়ে দিয়েছে পুলিশ।
গত ৬ জুন থেকে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এ বিষয়ে জবাবদিহির দাবি জানিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৮ জুন সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলনটি আরও বেশি আলোচনায় আসে। গত ১৮ জুলাই পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জন্তর মন্তরের এই বিক্ষোভে ভারতীয় শোবিজ অঙ্গনের অনেক তারকা অংশ নিয়েছেন। এ তালিকায় রয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেতা প্রকাশ রাজ, বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি প্রমুখ।
সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে প্রেম নিয়ে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন স্বরা ভাস্কর। এ নিয়ে আলোচনা জমে উঠলেও প্রেমিককে কখনো সামনে আনেননি ‘প্রেম রতন ধন পায়ো’খ্যাত এই অভিনেত্রী। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি একটি ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন স্বরা ভাস্কর। তাতে জানা যায়, একই বছরের ২৩ জানুয়ারি কোর্টে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি বিয়ে করেছেন তারা। ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করে কটাক্ষের শিকার হতে হয় স্বরাকে।






