২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, নতুন কর্মসূচি ঘোষণার আভাস

২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, নতুন কর্মসূচি ঘোষণার আভাস - Surma Times | Sylhet News

২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, নতুন কর্মসূচি ঘোষণার আভাস - Surma Times | Sylhet Newsসিলেট, ২০ জুলাই: গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং এটিই হবে দেশব্যাপী ধারাবাহিক সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজন।

সোমবার সকালে সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে এ তথ্য জানান জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচি সিলেটের এই সমাবেশের মাধ্যমে শেষ হবে এবং এখান থেকেই জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। ১১ দলীয় ঐক্য সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাচ্ছে।” তিনি অভিযোগ করেন, সরকার জুলাইকে উপেক্ষা করে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে এবং দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়ে গেছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা সমস্যা এবং ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজে ধীরগতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বিভাগীয় সমাবেশে সিলেটের বিভিন্ন দাবি তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন।

সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের পাশাপাশি সিলেটবাসীর প্রতি অংশগ্রহণের আহ্বান জানান তিনি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অন্যান্য বিভাগীয় সমাবেশে জনসমাগমের কথা উল্লেখ করে সিলেটেও ব্যাপক জনসমাগমের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article