গাজীপুর, ১৮ জুলাই: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক বন্দি নারী দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় দুই মেট্রন ও পাঁচ মহিলা কারারক্ষীসহ সাতজনকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তদন্ত রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ চলছিল। দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করে।





