
সিলেট, ১৭ জুলাই ২০২৬: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, স্বৈরতন্ত্রের পথ রোধ করতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর রাখতে এ ধরনের সংস্কারের কোনো বিকল্প নেই।
শুক্রবার সিলেট জোনের উদ্যোগে নগরীর পূর্বজিন্দাবাজারস্থ একটি কনফারেন্স হলে আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আব্দুল কাদের বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং কোনো ভূখণ্ডে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী শক্তির ঐক্য অপরিহার্য। তিনি উল্লেখ করেন, এ ঐক্য গড়ে উঠতে হবে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য এবং নেতৃত্বের সমমর্যাদা ও মূল্যায়নের ভিত্তিতে। ১৯৫১ সালের সর্বদলীয় উলামায়ে কেরামের ২২ দফা মূলনীতিকে তিনি এ ক্ষেত্রে একটি বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরেন।
তিনি আরও বলেন, দেশে সংবিধান সংস্কারের বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও অনেক ক্ষেত্রে তা ব্যক্তি বা গোষ্ঠীগত সুবিধার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে। জনসমক্ষে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসানের কথা বলা হলেও বাস্তবে অনেকেই পুরনো কাঠামো ধরে রাখতে আগ্রহী বলে মন্তব্য করেন তিনি। খেলাফত মজলিস মনে করে, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো স্বৈরতন্ত্রের সকল পথ বন্ধ করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর সাংবিধানিক সংস্কার করা।
তিনি বলেন, এমন একটি সরকার ব্যবস্থা প্রয়োজন যা জনগণের ভোট, ভাতসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে, যাতে নাগরিকদের নিজেদের অধিকার আদায়ে রাজপথে নামতে না হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনের পরিচালক মাওলানা শামসুজ্জামান চৌধুরী এবং সঞ্চালনা করেন সহকারী জোন পরিচালক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ.এ তাওসিফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর। এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, যার মধ্যে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আবদাল হোসাইন খান, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ফজর আলী, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী এবং সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন প্রমুখ।
আয়োজকরা জানান, সংগঠনের দায়িত্বশীলদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ ধরনের তরবিয়তি মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।






