অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে স্মরণে শোকসভা অনুষ্ঠিত

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে স্মরণে শোকসভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে স্মরণে শোকসভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsঢাকা, ১৬ জুলাই: প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে স্মরণে “রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন কমিটি”-র উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় বাংলা একাডেমির ড. এনামুল হক ভবনের কবি আল মাহমুদ লেখক কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট বুদ্ধিজীবী ও ৬৯-এর গণঅভ্যুত্থানের নেতা ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশীদের পরিচালনায় সভা শুরু হয়। শুরুতেই প্রয়াত এই চিন্তাবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক, সাহিত্যিক, মানবপ্রেমী এবং সমাজ ও রাষ্ট্রচিন্তক। তার উক্তি “আমি বিচার চাই না, মানুষের শুভবুদ্ধির উদয় হোক” তাকে মানুষের মাঝে চিরস্মরণীয় করে রাখবে।

সভাপতির বক্তব্যে ড. মাহবুব উল্লাহ বলেন, আবুল কাসেম ফজলুল হক পূর্ববাংলা ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন এবং ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে তার দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। তিনি প্রকৃত অর্থেই একজন খাঁটি দেশপ্রেমিক চিন্তাবিদ ছিলেন এবং তার মৃত্যুতে জাতির বুদ্ধিবৃত্তিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

শোকসভায় বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ুম, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সাধারণ সম্পাদক আফজালুল বাশার, কবি কামরুজ্জামান, অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান, অধ্যাপক মাহবুব বোরহান, গোলাম মোস্তফা ভূইয়া, হারুন অর রশিদ ভূইয়া, হানিফুল কবিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের দর্শন, চিন্তা ও কর্মধারা সমাজ ও রাষ্ট্রচিন্তায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ বলেন, প্রয়াত এই শিক্ষকের অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তার প্রণীত বিভিন্ন পরিকল্পনা ও রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সংগঠন কাজ করে যাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article