একসাথে সমাহিত তিন বন্ধু, শোকে স্তব্ধ গোয়াইনঘাট

একসাথে সমাহিত তিন বন্ধু, শোকে স্তব্ধ গোয়াইনঘাট - Surma Times | Sylhet News

170771 - Surma Times | Sylhet Newsসিলেট, ৬ জুলাই ২০২৬: একই স্কুলের অষ্টম শ্রেণির তিন বন্ধু। একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে পরীক্ষা, একসঙ্গে আড্ডা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই একসঙ্গে বিদায় নিতে হলো। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারানো জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। তাদের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গোয়াইনঘাট।

সোমবার নিহত তিন বন্ধুর জানাজা শেষে তাদের নিজ নিজ সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে চলমান পরীক্ষা শেষে বেড়াতে গিয়ে উপজেলার রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে তাদের বহনকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত তিন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা যায়।

নিহতরা হলেন— উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে জয় আহমদ (১৬)।

পারিবারিক সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণি থেকেই তিন বন্ধুর মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। এখন তারা পাশাপাশি কবরের নীরব বাসিন্দা।

সাকিবের বাবা মহরম মিয়া বলেন, “আমার ছেলে খুব শান্ত-স্বভাবের ছিল। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আল্লাহ আমার বুকটাই খালি করে দিলেন।”

রায়হানের বাবা হাবিবুর রহমান বলেন, “সাকিবের মৃত্যুর খবরেই আমরা ভেঙে পড়েছিলাম। তখনও আশা ছিল আমার ছেলেটা হয়তো ফিরে আসবে। কিন্তু সেই আশাও শেষ হয়ে গেল।”

জয়ের বাবা রাজ্জাক মিয়া বলেন, “তিন বন্ধু সব সময় একসঙ্গে চলাফেরা করত। কখনো ভাবিনি, আল্লাহ ওদেরও একসঙ্গে নিয়ে যাবেন।”

এ ঘটনায় জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এক বেঞ্চের তিন বন্ধু এভাবে চলে যাবে, আমরা কখনো ভাবিনি।”

৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী এ ঘটনাকে অপূরণীয় ক্ষতি আখ্যা দিয়ে বলেন, “এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article