সিলেট, রবিবার (৫ জুলাই): সিলেটের বিশ্বনাথে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার বিকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পৌরশহরের হরিকলস এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরতিঙ্গা বেগম (৪৮) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের স্ত্রী।
পরতিঙ্গা বেগম জানান, রোববার পৌর শহরের পুরান বাজারের ডাচ্-বাংলা ব্যাংক থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা তোলেন তিনি। তার ব্যানিটি ব্যাগে আরও ৫ হাজার টাকা ছিল। মোট ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিনি টমটম রিকশায় করে বাড়ি ফিরছিলেন।
পথে হরিকলস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুজন ছিনতাইকারী তার টমটম রিকশা থামায়। পরে দা দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তারা টাকার ব্যাগের ফিতা কেটে টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় তিনি থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায় কালবেলাকে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।





