ঢাকা, ৩ জুলাই: চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সুবিধার্থে শেড ও বসার চেয়ার স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, অভিভাবকরা দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে তাদের জন্য শেড বা বসার ব্যবস্থা না থাকায় রোদ-বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের চলাচল নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্যদের সংখ্যা অপর্যাপ্ত থাকায় ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।এ অবস্থায় প্রতিটি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য নিরাপদ স্থানে শেড এবং প্রয়োজনীয় সংখ্যক চেয়ার স্থাপন করতে হবে। পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।



