সুরমা টাইমস ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শুধু সেমিনার বা আলোচনায় সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশুশ্রম নির্মূল করতে হবে। তিনি বলেন, এই কাজের শুরু হওয়া উচিত নিজের ঘর থেকে।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুশ্রম নির্মূলের জন্য দেশের সর্বাধিক শিশুশ্রমপ্রবণ এলাকা চিহ্নিত করে আইএলওসহ সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থাগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা সামাজিক দায়িত্ব। মানবসম্পদই দেশের সবচেয়ে বড় সম্পদ, আর এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো নৈতিক দায়িত্ব।
আগামী এক বছরের মধ্যে টেকসই ও ফলপ্রসূ পাইলট প্রোগ্রাম বাস্তবায়নের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, কী পরিমাণ শিশুকে শ্রম থেকে ফিরিয়ে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা গেল, তা পরের বছর মূল্যায়ন করতে হবে।
শিশুশ্রমের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদের জুমার খুতবায়, পাশাপাশি মন্দির, বিহার ও চার্চেও এ বিষয়ে সচেতনতা তৈরি করা যেতে পারে।
অনুষ্ঠানে শিশুশ্রম পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয় এবং শিশুরা শিশু অধিকারবিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তারফদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।





