তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা মায়া হরিণ উদ্ধার

তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা মায়া হরিণ উদ্ধার - Surma Times | Sylhet News

তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা মায়া হরিণ উদ্ধার - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের এক তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (২৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করা হয়। পরে এটিকে কালেঙ্গা রেঞ্জের রেসকিউ সেন্টারে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের আশপাশের এলাকায় মায়া হরিণসহ নানা প্রজাতির বন্যপ্রাণী ঘুরে বেড়ায়। উপজেলার ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার বাড়ির একটি কক্ষে হরিণটি আটকে রাখা হয়েছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বন বিভাগের টিম অভিযান চালিয়ে তা উদ্ধার করে।

সুস্থ হয়ে বনে ফিরবে হরিণ

কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন জানান, “হরিণটিকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলে তাকে আবার তার প্রাকৃতিক আবাসস্থল রেমা-কালেঙ্গা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।”

তিনি আরও বলেন, লোকালয়ে চলে আসা বা চোরাশিকারিদের কবলে পড়া বন্যপ্রাণী দেখলে দ্রুত বন বিভাগ, পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। আহত প্রাণীর নিজস্ব উদ্যোগে চিকিৎসা না করে অভিজ্ঞ বনকর্মীদের কাছে হস্তান্তর করাই নিরাপদ।

আইনি ব্যবস্থার কথা বললেন ইউএনও

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, “বন্যপ্রাণী আটক, শিকার বা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন।”

রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। এখানে বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article