
সিলেট: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, তরুণদের মেধা ও মেহনতকে কাজে লাগিয়ে মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।
গতকাল নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লগ্রামের বক্তটিকর পাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে তরুণদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষা খাতের আধুনিকায়ন, ঝরে পড়া রোধ, কারিগরি শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্ম এসব সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের শিক্ষার মান আরও উন্নত হবে।
তিনি পরীক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সফলতার জন্য কঠোর অধ্যবসায়ের পরামর্শ দেন এবং মাদকমুক্ত, সুস্থ ও জ্ঞাননির্ভর সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় উপস্থিত শিক্ষার্থীরাও তাদের মতামত ও অনুভূতি প্রকাশ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আলোচনা সভা পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।





