সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাংলাবাজার এলাকা থেকে বের হওয়া তাজিয়া মিছিলটি বি কে দাস রোডে পৌঁছালে একদল দুর্বৃত্ত মিছিলে থাকা ওই যুবককে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নিলেও সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান বলেন, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। কয়েকজন তাকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করে কুপিয়ে আহত করে। নিহতের পরিচয় শনাক্ত এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।





