
সুরমা টাইমস ডেস্কঃ বিমানবন্দরের কার্গো জট নিরসনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছুটির দিনেও কাস্টমসসহ সংশ্লিষ্ট সেবা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ-ইইউ বৈঠকে তিনি বলেন, সাপ্তাহিক ছুটিতে কার্যক্রম সীমিত থাকায় জমে থাকা কার্গো কমছে না। তাই সাময়িক সমাধান হিসেবে ছুটির দিনেও সেবা কার্যক্রম চালু রাখা জরুরি।
মন্ত্রী আরও বলেন, বিমানবন্দর কোনো গুদাম নয়, এটি ট্রানজিট পয়েন্ট। দীর্ঘ সময় পণ্য পড়ে থাকায় সংকট তৈরি হচ্ছে। এ জন্য বিমানবন্দরের বাইরে আধুনিক সুবিধাসম্পন্ন পৃথক কার্গো ভিলেজ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
তিনি জানান, আগামী ১০ বছরের চাহিদা মাথায় রেখে হ্যাজার্ডাস ও নন-হ্যাজার্ডাসসহ বিভিন্ন ধরনের পণ্যের জন্য আলাদা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
সভায় জানানো হয়, প্রতিদিন আসা ও খালাস হওয়া কার্গোর পরিমাণ প্রায় সমান হলেও আগের জমে থাকা পণ্য কমছে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, এ সংকট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের নির্দেশ দেন।





