সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কামরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সাবেক এক ইউপি সদস্য ও তার মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন লেঙ্গুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন এবং তার মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তার।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।
পুলিশ জানায়, গত সোমবার লেঙ্গুরা নদীর পাড় এলাকায় কামরুল ইসলাম ও বিল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে গুরুতর আহত হন কামরুল ইসলাম (২৮)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষে বিল্লাল হোসেন ও তার মেয়ে রুকসানাও আহত হন।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও তার মেয়েকে গ্রেফতার করে।
পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।






