সুরমা টাইমস ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সুতাং ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকামুখী একটি পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্টের ট্রাকের সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে নিচে পড়ে যায়।
ঘটনাস্থলেই পিকআপ চালক মো. কাউসার মিয়া (৩২) নিহত হন। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা। আহত হয়েছেন পিকআপের হেলপার ও একটি সিএনজি চালক।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





