সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার বাদাঘাটে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভের পর তার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে অভিযুক্ত যুবক (২৫) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আপত্তিকর পোস্ট করেন বলে অভিযোগ। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। বিকেলে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয়রা। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেলে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে পুলিশ যুবককে হেফাজতে নেয়। এ সময় বাজারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে উত্তেজিত বিক্ষোভ করে।
হামলার অভিযোগ
ঘটনার পর সন্ধ্যায় উত্তেজিত জনতা অভিযুক্ত যুবকের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় একটি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, “পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে কিছু চক্র এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।”
পুলিশের অবস্থান
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ধর্ম অবমাননার অভিযোগে যুবককে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সবাইকে গুজব না ছড়ানো, উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকা এবং আইন নিজের হাতে না তোলার অনুরোধ জানিয়েছেন।
ঘটনার পর বাদাঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
এ ধরনের ঘটনায় ধর্মীয় সম্প্রীতি যাতে বিন্দুমাত্র ক্ষুণ্ণ না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।






