সুরমা টাইমস ডেস্কঃ মালয়েশিয়া সফরে কূটনৈতিক সৌহার্দ্যের অনন্য মুহূর্তে পুত্রাজায়ার লেক ক্রুজ উপভোগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
সোমবার স্থানীয় সময় সকালে পুত্রাজায়ায় পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান ডা. ওয়ান আজিজাহ এবং ফেডারেল টেরিটরির মন্ত্রী হান্নাহ ইয়োহ। পরে তারা একসঙ্গে নৌভ্রমণে অংশ নেন।
প্রায় এক ঘণ্টার এই লেক ক্রুজে পুত্রাজায়ার বিভিন্ন আইকনিক স্থাপনার মনোরম দৃশ্য উপভোগ করেন তারা। একই সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক আলাপচারিতাও হয়।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এর আগে দুই দিনের সরকারি সফরে রোববার রাতে মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফর।
সংশ্লিষ্টরা বলছেন, সফরের অংশ হিসেবে এমন অনানুষ্ঠানিক কূটনৈতিক মুহূর্ত দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করতে সহায়ক হতে পারে।





