আধিপত্যের লড়াইয়ে গোয়াইনঘাটে কুপিয়ে যুবক খুন

আধিপত্যের লড়াইয়ে গোয়াইনঘাটে কুপিয়ে যুবক খুন - Surma Times | Sylhet News

আধিপত্যের লড়াইয়ে গোয়াইনঘাটে কুপিয়ে যুবক খুন - Surma Times | Sylhet Newsগোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন কামরুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই গ্রামের কুতুব আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের আত্মীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শুরুতে কামরুল ও তার অনুসারীরা বিল্লাল হোসেনের মেয়ে রুকসানা বেগমকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে এই খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ পাল্টা হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষের লোকজন কামরুলকে ধরে গলা, হাত ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় আহত বিল্লাল উদ্দিন, রুকসানা বেগম ও জুনেদ আহমদ বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত কামরুল পুলিশের তালিকাভুক্ত একজন দাগি অপরাধী ছিলেন। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article