
সুরমা টাইমস ডেস্কঃ বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিংয়ের জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে সরকার কাজ করছে। তার ভাষায়, আগে যেখানে একটি ব্যবসা শুরু করতে প্রায় এক বছর লাগত, সেখানে এখন সেটি ১৪ দিনের মধ্যে শুরু করার সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ শীর্ষক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
মন্ত্রী বলেন, জাতিসংঘের সিডিপির সুপারিশকে শুধু সময় বাড়ানোর সুযোগ হিসেবে দেখলে হবে না; বরং এটিকে প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে কাজে লাগাতে হবে। তিনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদার, উৎপাদনভিত্তি বহুমুখীকরণ এবং এলডিসি-উত্তর বাস্তবতার জন্য দেশকে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, বাজেটে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক’ অর্থনীতির কথা বলা হয়েছে, যা সরকারের নীতিগত দিকনির্দেশনার প্রতিফলন। ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, লাইসেন্সিংয়ের জটিলতা কমানো এবং বাজার বহুমুখীকরণে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
খন্দকার মুক্তাদির জানান, আন্তর্জাতিক বাজারে এখন স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, স্বচ্ছতা, শ্রম অধিকার ও দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ বড় বিষয় হয়ে উঠেছে। এ বাস্তবতায় বাংলাদেশকে টিকে থাকতে হলে সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের সমন্বয় ঘটাতে হবে।
তিনি বলেন, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট সেল’ গঠন করেছে। এটি সরকারি সংস্থা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
মন্ত্রী আরও জানান, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কোথায় সময় কমানো ও প্রক্রিয়াগত জটিলতা দূর করা যায়, তা নির্ধারণ করা হচ্ছে। আগামী জুলাই মাসে এসব পরিবর্তন বাস্তবায়নের বিষয়ে জনঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।





