সুরমা-কুশিয়ারায় পানি বাড়ছে, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

সুরমা-কুশিয়ারায় পানি বাড়ছে, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা - Surma Times | Sylhet News

সুরমা-কুশিয়ারায় পানি বাড়ছে, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে আগামী কয়েক দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দু-এক দিনের মধ্যেই বিভিন্ন পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয় ও আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এছাড়া সারি, গোয়াইন, লোভাছড়া ও ধলাই নদীর পানিও দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন দিন পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার খুব কাছাকাছি এবং সিলেট পয়েন্টেও দ্রুত বাড়ছে। কুশিয়ারার পানি অমলশীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও ঊর্ধ্বমুখী।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ছিল ১৪২ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, মেঘালয় অঞ্চলে অতিবৃষ্টি হলে সিলেটের নদ-নদীর পানি দ্রুত বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এ অবস্থায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article