স্টাফ রিপোর্টার: সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করেছে শাহপরাণ থানা পুলিশ। এ ঘটনায় বাসসহ ৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত প্রায় ১২টা ৫০ মিনিটে শাহপরাণ থানার এসআই এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বটেশ্বর জালালাবাদ বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে বিভিন্ন প্রিন্টের ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. মহিন উদ্দিন, মো. রাকিব আহমেদ, মো. অনিক, মো. রিপন হোসেন, মো. দুলাল হোসেন ও মো. ওয়াসিমসহ ৯ জন। তাদের অধিকাংশের বাড়ি গাজীপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাসটির চালক ও দুই হেলপারকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কম্বলগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল এবং পরিবহনের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি চলছিল।
এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের দাবি, সীমান্তঘেঁষা এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।





