শায়েস্তাগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, মিছিল আর বাইক শোডাউনে উৎসবের শহর

শায়েস্তাগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, মিছিল আর বাইক শোডাউনে উৎসবের শহর - Surma Times | Sylhet News

শায়েস্তাগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, মিছিল আর বাইক শোডাউনে উৎসবের শহর - Surma Times | Sylhet Newsশায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ ফুটবল বিশ্বকাপকে ঘিরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এখন পুরোপুরি উৎসবের রঙে রাঙা। শহরের অলিগলি থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্রই বইছে ফুটবল উন্মাদনা, যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সরব উপস্থিতি তৈরি করেছে প্রাণবন্ত পরিবেশ।

শহরের নতুন ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে স্টেশন রোড, দাউদনগর বাজার, ড্রাইভার বাজার ও রেলওয়ে জংশন এলাকা প্রদক্ষিণ করে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বের হয় বিশাল আনন্দ শোভাযাত্রা। এতে শতাধিক তরুণ-তরুণীসহ নানা বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। তাদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও প্রিয় তারকাদের ছবি।

অন্যদিকে, এর আগের দিন ব্রাজিল সমর্থকরাও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করে শহর মাতিয়ে তোলেন। বিভিন্ন সড়ক ঘুরে তারা নিজেদের সমর্থনের জানান দেন, যা শহরের বিশ্বকাপ আমেজকে আরও উজ্জ্বল করে তোলে।

শহরের চায়ের দোকান, হোটেল, অফিস, বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই এখন ফুটবলই আলোচনার কেন্দ্রবিন্দু। খুদে শিক্ষার্থীরাও পছন্দের দলের জার্সি পরে যোগ দিয়েছে এই উন্মাদনায়।

স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাই বেশি। ফলে দুই পক্ষের মধ্যে চলছে মজার তর্ক, খুনসুটি আর বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা।

ফুটবলপ্রেমীদের ভাষায়, বিশ্বকাপ শুধু খেলা নয়, এটি মানুষের মিলনমেলা। আর সেই মিলনমেলার আনন্দে শায়েস্তাগঞ্জ এখন এক উৎসবের শহরে পরিণত হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article