সুরমা টাইমস ডেস্কঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মী ও তাদের পরিবারের জন্য চালু হচ্ছে জীবন ও স্বাস্থ্যবিমা সুবিধা। এ লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। গার্ডিয়ান লাইফের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে ডিরেক্টর অব বিজনেস, পার্টনারশিপ অ্যান্ড ইমপ্যাক্ট জলি নূর হক চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা জীবন ও স্বাস্থ্যবিমা সুরক্ষা পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গার্ডিয়ানের সিইও শেখ রকিবুল করিম বলেন, মানুষের জীবন সুরক্ষিত করা শুধু ব্যবসা নয়, এটি তাদের মূল লক্ষ্য। প্ল্যান ইন্টারন্যাশনালের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত এবং এর মাধ্যমে মানবিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের সুরক্ষার আওতায় আনা সম্ভব হবে।
এ সময় গার্ডিয়ান ও প্ল্যান ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই এই উদ্যোগকে কর্মীদের কল্যাণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, গার্ডিয়ান লাইফ বর্তমানে দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এবং ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষকে বিমা সুরক্ষা দিচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ৫০০টির বেশি অংশীদার হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।





