সুরমা টাইমস ডেস্কঃ মানহানির দুটি পৃথক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে জামিন দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। রোববার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার পৃথক দুটি মামলায় তার জামিনের আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে গত ২ এপ্রিল একটি মানহানির মামলা দায়ের করা হয়। একইদিন আদালত সমন জারি করে নির্দিষ্ট তারিখে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরবর্তীতে ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন আমীর হামজা। এছাড়া আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তির অভিযোগে আরেকটি মানহানির মামলা দায়ের করা হয় সদর আমলি আদালতে।
রোববার আদালতে উপস্থিত হয়ে দুটি মামলাতেই জামিন পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব ও মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।





