সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং চোরাচালানে ব্যবহৃত একটি মিনি কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে এসএমপি ডিবির এসআই মোহাম্মদ আবছার উদ্দিনের নেতৃত্বে শাহপরান রহ. থানাধীন মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটি অফিসের সামনে পাকা রাস্তা থেকে সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ২৭ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়, প্রতিটি বস্তায় ছিল ৪৫ কেজি করে মোট ১ হাজার ২১৫ কেজি চা-পাতা। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
এ ঘটনায় রেজওয়ান উদ্দিন নামের ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার ছাতারখাই এলাকার বাসিন্দা।
অভিযানে ব্যবহৃত ঢাকা মেট্রো নম্বরের একটি মিনি কার্ভাড ভ্যানও জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।





