সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের শাহপরান থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা কারবারের একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে শাহপরান থানার এসআই মো. রোকন উদ্দিনের নেতৃত্বে উত্তর মোহাম্মদপুর নয়া মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী পারভেজ মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. পারভেজ মিয়া এবং মো. কাউয়ুম খান রিপন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে ২২০ পিস ইয়াবার পাশাপাশি ৫০ পিস ফয়েল কাগজের টুকরা উদ্ধার করা হয়, যা ইয়াবা সেবনে ব্যবহৃত হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শাহপরান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, এলাকায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।





