সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীতে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা ও চিকিৎসকের উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান ফয়সালের উপর গত রবিবার সন্ধ্যায় পরিকল্পিত হামলা চালায় স্থানীয় যুবলীগ ক্যাডার বেলাল আহমদ ওরফে গুল্লি বেলালের নেতৃত্বাধীন একদল সশস্ত্র দুর্বৃত্ত।
হামলায় মোবারক হোসেন ফাত্তাহ গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে দুটি সেলাই দিতে হয়েছে এবং পায়ে জটিল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডা. আজিজুর রহমান ফয়সালও আহত হয়েছেন এবং তাঁর ব্যক্তিগত গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ঘটনার রাতেই হাসপাতালে ছুটে যান। পরদিন সোমবার রাতে সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ আহত নেতার খোঁজ নেন এবং পরিবারকে সান্ত্বনা দেন।
এক যৌথ বিবৃতিতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, “নিষিদ্ধ যুবলীগের ক্যাডারদের দ্বারা একজন রাজনৈতিক নেতা ও সম্মানিত চিকিৎসকের ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক রাজনীতিতে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই।”
নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার মূল হোতা বেলালসহ জড়িত সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সিলেটের রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের পরিবার ইতোমধ্যে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বেলাল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এই হামলা চালানো হয়েছে।
বিএনপি নেতৃবৃন্দ আহত নেতা ও চিকিৎসকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।






