সিলেটে চাঁদা না দেওয়ায় ডাক্তারের উপর নৃশংস হামলা! ছুরি-রামদা-রডে ক্ষতবিক্ষত, ভাই মুমূর্ষু

সিলেটে চাঁদা না দেওয়ায় ডাক্তারের উপর নৃশংস হামলা! ছুরি-রামদা-রডে ক্ষতবিক্ষত, ভাই মুমূর্ষু - Surma Times | Sylhet News

সিলেটে চাঁদা না দেওয়ায় ডাক্তারের উপর নৃশংস হামলা! ছুরি-রামদা-রডে ক্ষতবিক্ষত, ভাই মুমূর্ষু - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ চাঁদা না দেওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আজিজুর রহমানের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। হামলায় তিনি, তাঁর বড় ভাই এবং ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন। ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালী মডেল থানার সোনাতলা সবুজ-১ এলাকায় বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত ভাইয়ের স্ত্রী দেওয়ান মমনুন হাছান থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ডা. আজিজুর রহমানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। গত ৬ জুন দুপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি রাজি না হওয়ায় হুমকি দেন তারা। পরদিন রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ ও চেম্বারে যাওয়ার সময় বাসার গেটের সামনে তাঁর ওপর হামলা চালানো হয়।

অভিযুক্তরা ছুরি, কিরিচ, রামদা, লোহার রড ও পাইপ দিয়ে হামলা করে। ডা. আজিজকে বাঁচাতে এগিয়ে আসা তাঁর ভাই মোবারক হোসেন ফাত্তাহকেও নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। বাদী দেওয়ান মমনুন হাছানও রডের আঘাতে আহত হয়েছেন।

প্রধান অভিযুক্ত বেলাল আহমদ ওরফে গুল্লি বেলাল (৫০) স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্পাদকীয় পদে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি ৫ আগস্ট পরবর্তী একাধিক মামলার ফেরারি আসামি। অন্য আসামিরা হলেন- তাঁর ছেলে রাইয়ান (১৯), লায়েক আহমদ (৪৫), সায়েম আহমদ (৩৫), পান্না বেগম (৩৭), তাদের মা লুৎফা বেগম (৫৮)সহ অজ্ঞাত আরও ৪/৫ জন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত। ডা. আজিজুর রহমান কয়েক বছর আগে ওই এলাকায় ১৭ শতক জমি কিনেছিলেন, যার পর থেকেই চাঁদার দাবি শুরু হয়।

এ ঘটনায় চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ বলছে, দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article