জুলাই যোদ্ধাদের মানসিক সুস্থতায় বিশেষ কর্মশালা

জুলাই যোদ্ধাদের মানসিক সুস্থতায় বিশেষ কর্মশালা - Surma Times | Sylhet News

জুলাই যোদ্ধাদের মানসিক সুস্থতায় বিশেষ কর্মশালা - Surma Times | Sylhet Newsঢাকা, ৭ জুন ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কর্মশালা আয়োজন করেছে অপরাজিত ২৪ ফাউন্ডেশন।

রবিবার বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএসে আয়োজিত এ কর্মশালায় ট্রমা মোকাবিলা, মানসিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি, আবেগ নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি মানসিক সুস্থতা নিয়ে আলোচনা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন হেলথের চিকিৎসক ড. আবদুল্লাহ হাসান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির ট্রেজারার বীর প্রতীক কর্নেল (অব.) আব্দুস সালাম।

অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সভাপতি ড. পারভীন রহমান অনলাইনে যুক্ত হয়ে বলেন, “পুনর্বাসন শুধু চিকিৎসা বা আর্থিক সহায়তার বিষয় নয়। এটি মর্যাদা, আত্মবিশ্বাস ও সমাজে পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া। আমরা চাই আহত যোদ্ধারা অনুভব করুক — তারা একা নন।”

কর্মশালায় অংশ নেওয়া সিলেটের বাবনা পয়েন্টে আহত হয়ে একটি চোখ হারানো ১৯ বছর বয়সী মিজান বলেন, “শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে অনেক কঠিন সময় পার করেছি। এখানে এসে নিজের অনুভূতি শেয়ার করতে পেরেছি এবং নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।”

ফাউন্ডেশনটি ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত দেশের আটটি বিভাগের ৫০ জন আহত ব্যক্তি ও ১৬৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে। চিকিৎসা, জীবিকা, মানসিক স্বাস্থ্যসেবা, অস্থায়ী আবাসন ও জরুরি মানবিক সহায়তার মাধ্যমে তারা একটি সমন্বিত পুনর্বাসন মডেল বাস্তবায়ন করছে।

এটি ছিল ফাউন্ডেশনের দশম মানসিক স্বাস্থ্যসেবা কর্মশালা। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article