সুরমা টাইমস রিপোর্টঃ রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত লোকমানের হাতে ও পায়ে গুলি করে ১৭ হাজার ডলারসহ দেশি-বিদেশি অর্থ রাখা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, লোকমান হোসেন একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা ও ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার হাতের কনুইর নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএমপি’র মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, লোকমান হোসেন বিভিন্ন জায়গায় মুদ্রার খুচরা ব্যবসা করতেন। তার ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা ছাড়াও ১৭ হাজার ডলার ছিল বলে তিনি জানিয়েছেন।
ডিএমপি’র অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে লোকমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা একটি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।





