সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের বিএনপি-বিরোধী বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। বক্তব্যের তীব্র সমালোচনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করায় বিএনপি নেতারা একে ‘ইতিবাচক’ হিসেবে দেখলেও বক্তব্যের ভাষা ও মানসিকতা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন।
শুক্রবার (৫ জুন) বিকেলে এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ প্রতিক্রিয়া জানান।
নেতৃবৃন্দ বলেন, “সিলেটের একজন বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ নেতার কাছ থেকে বিএনপি সম্পর্কে এমন অসংলগ্ন ও অনভিপ্রেত বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তাঁর অশালীন মন্তব্যে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।”
সম্প্রতি জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশে মাওলানা হাবিবুর রহমান বিএনপি নিয়ে বক্তব্য দেন, যা রাজনৈতিক মহলে ‘কুরুচিপূর্ণ’ ও ‘অসংলগ্ন’ হিসেবে সমালোচিত হয়। পরে তিনি ফেসবুকে দুঃখ প্রকাশ করে বলেন, বক্তব্যের সময় ‘শব্দচয়ন ভুল হয়েছে’।
বিএনপি নেতারা দুঃখ প্রকাশকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করলেও বক্তব্যের ভাষা নিয়ে কড়া সমালোচনা করেন। তাঁরা বলেন, “সিলেটের রাজনৈতিক সংস্কৃতি বরাবরই সৌজন্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর প্রতিষ্ঠিত। কিন্তু সিলেট-১ আসনের পরাজিত এই প্রবীণ নেতার বক্তব্যের ভাষা এতটাই কুরুচিপূর্ণ যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এতে সিলেটের চিরায়ত রাজনৈতিক ঐতিহ্য ক্ষুণ্ণ হয়েছে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করলেই এ ধরনের বক্তব্যের দায় এড়ানো যায় না। এমন সংকীর্ণ মানসিকতার কারণেই জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে।”
বিবৃতিতে সিলেটের রাজনৈতিক সম্প্রীতি ও শালীনতা ধরে রাখতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
এ ঘটনায় সিলেটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।






