সিলেটের ৬ মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি গণদাবী পরিষদের, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক

সিলেটের ৬ মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি গণদাবী পরিষদের, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক - Surma Times | Sylhet News

সিলেটের ৬ মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি গণদাবী পরিষদেরসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের ৬টি মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ। সংগঠনটির নেতারা বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে পৃথকভাবে স্মারকলিপি হস্তান্তর করে এসব দাবি জানিয়েছেন।

মন্ত্রীর সঙ্গে বৈঠক
গত বুধবার (২৭ মে) বেলা ১২টায় সিলেট সার্কিট হাউসে অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে গণদাবী পরিষদের নেতারা বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় লিখিত স্মারকলিপি হস্তান্তর করা হয় এবং প্রায় ২৫ মিনিট বৈঠক হয়।

বৈঠকে মন্ত্রী জানান, মণিপুরি সংস্কৃতির আদলে নগরীর মণিপুরি রাজবাড়িতে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, রাতারগুল সোয়াম ফরেস্ট, সাদাপাথর এবং এয়ারপোর্ট এলাকার বাইশটিলায় আন্তর্জাতিক মানের পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে সেখানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করা হবে।

আরেক মন্ত্রীর কাছেও স্মারকলিপি
এরপর গত শনিবার (৩০ মে) রাত ৮টায় নগরীর কুমারপাড়ায় শ্রম, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছেও একই ধরনের স্মারকলিপি দেন গণদাবী পরিষদের নেতারা। অধ্যাপক শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি সিলেটবাসীর ন্যায্য দাবিগুলো তুলে ধরে।

মন্ত্রী জানান, এগুলো সিলেটবাসীর জনগণের যৌক্তিক দাবি এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

কোন দাবিগুলো উত্থাপন করা হয়েছে
স্মারকলিপিতে সিলেট অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প ও অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে

 

  • দক্ষিণ সুরমার বাইপাস সংলগ্ন জমিতে দ্রুত সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস সদর দপ্তর ও ট্রেনিং সেন্টার নির্মাণ।
  • সিলেটের ফায়ার স্টেশনগুলোতে ঢাকা থেকে আধুনিক উদ্ধারকারী যানবাহন সংযুক্ত করা।
  • দক্ষিণ সুরমায় ক্রয়কৃত জমিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ শুরু করা।
  • মৌলভীবাজার জেলা সদর ও জালালাবাদ সেনানিবাস এলাকায় দুটি ৫০ আসনের মেডিকেল কলেজ স্থাপন।
  • একটি পূর্ণাঙ্গ সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
  • সিলেট-আখাউড়া ডুয়েল গেজ প্রকল্প বাতিল করে ঢাকা-চট্টগ্রাম রুটের আদলে ডাবল রেললাইন নির্মাণ।
  • শায়েস্তাগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ।
  • সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল দ্রুত শেষ করা।
  • ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা।
  • সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সড়ক নির্মাণ করে বিকল্প সড়ক হিসেবে গড়ে তোলা।

সিলেটবাসীর জন্য বিশেষ গুরুত্ব
গণদাবী পরিষদের নেতারা বলেন, বৃহত্তর সিলেটের প্রবাসীরা বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে প্রেরণ করেন। তাই এই অঞ্চলের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জাতীয়ভাবেও গুরুত্বপূর্ণ।

তাদের দাবি, সিলেটের সোয়া কোটি মানুষের স্বার্থে এই ছয়টি মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।

উপস্থিত ছিলেন যারা
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেলাল উদ্দীন, মোসলেহ উদ্দীন, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লষ্কর, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদ, সদস্য মো. ইউসুফ সেলু, কয়েস আহমদ সাগর, মো. সফিকুর রহমানসহ অনেকে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article