সুরমা টাইমস ডেস্কঃ কুমিল্লা জেলা পরিষদের অর্থ লেনদেন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মিলে ২৫ কোটি টাকা নিয়েছেন।
শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব থেকে আসিফ মাহমুদ ১৫ কোটি এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী রাজনীতির কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।
মোস্তাক মিয়া অভিযোগ করেন, এই অর্থ নেওয়ার ঘটনাকে তিনি ‘সমন্বয়ের রাজনীতি’র বাস্তব চিত্র হিসেবে দেখছেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, উল্লেখিত অর্থ জেলা পরিষদের রাজস্ব থেকে নেওয়া হয়নি। এটি স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ, যা এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজে ব্যয় করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসকের বক্তব্য বিভ্রান্তিকর এবং এতে মনে হতে পারে টাকা ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছে, যা সঠিক নয়। সংশ্লিষ্ট অর্থ দেবিদ্বারসহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তদন্তের ঘোষণা না এলেও, পরস্পরবিরোধী বক্তব্যে বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন ও আলোচনা বাড়ছে।

