গণঅভ্যুত্থানে আরও ১২৪২ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট প্রকাশ

গণঅভ্যুত্থানে আরও ১২৪২ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট প্রকাশ - Surma Times | Sylhet News

b2e08a07efe482ad0aa57526ad92b364 67caccab8413f 600x337 1

সুরমা টাইমস ডেস্ক :

গণঅভ্যুত্থানে আহত আরও এক হাজার ২৪২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। তারা ‘গ’ শ্রেণির আহত (সামান্য আহত)। তালিকায় ময়মনসিংহ বিভাগের ৫৩৪ জন ও সিলেট বিভাগের ৭০৮ জন রয়েছে।

গত বুধবার (৫ই মার্চ) এই আহতের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

গত মঙ্গলবার (৪ঠা মার্চ) বরিশাল বিভাগের ‘গ’ শ্রেণির আহত ৭৭২ জনের তালিকার গেজেট প্রকাশ করা হয়।

এর আগে গত ২৭শে ফেব্রুয়ারি ‘ক’ শ্রেণির অতি গুরুতর আহত ৪৯৩ জন ও ‘খ’ শ্রেণির গুরুতর আহত ৯০৮ জনসহ মোট এক হাজার ৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা প্রকাশ করা হয়।

জুলাই অভ্যুত্থানে আহতদের ধরনভেদে ‘ক’, ‘খ’, এবং ‘গ’ শ্রেণিতে ভাগ করে সুযোগ-সুবিধা দেবে সরকার।

গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ই জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং তারা ভাতাও পাবেন।

যারা অতি গুরুতর আহত (ক-শ্রেণি) তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

একটি অঙ্গহানি হয়েছে এমন আহত (খ-শ্রেণি) যারা আছেন তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন এবং তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন।

সামান্য আহত (গ-শ্রেণি) যারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তারা কোনো ভাতা পাবেন না।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article