উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ - Surma Times | Sylhet News

05541164ae40c27dbc19a91461100f77 67b05200c7fe7

সুরমা টাইমস ডেস্ক :

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের।

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ‍্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। এরইমধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময়।

এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল।

ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব।’

তিনি বলেন, ‘বর্তমানে যেহেতু সরকারে একটা স্থিতিশীলতা এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে।

আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরী। সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি। যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘ঘোষণা হয়েছে যে এ মাসেই দল গঠন হবে। যদি তাই হয় তবে এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নিব।’

তিনি বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পবেন, আপনারা জানতে পারবেন।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘গত ছয় মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে। সারাদেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে। আমি তো সরকারে দায়িত্বে ছিলাম, দল গোছানোর কাজটা তারাই করছে।’

উল্লেখ্য, গত ১৫ই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করার কথা ছিল গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

নতুন দল ঘোষণার আগে ২৪ দফার ইশতেহার তৈরির কাজও করছেন তারা। এজন্য ১৭ সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article