
সিলেট, ৬ নভেম্বর: শুক্রবার সকালে সিলেট নগরের ফাঁকা সড়কে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মিছিল বের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে।
সকাল ৭টার দিকে জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত মিছিলটি চলে। সিলেট মহানগর যুবলীগের ব্যানারে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামী লীগ, যুবলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষ হওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কতোয়ালি থানা পুলিশ অভিযান চালায়। এতে ১২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন জকিগঞ্জের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ (৩২), ইব্রাহিম আলীর ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫), মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০), দক্ষিণ সুরমার লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮), আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯) এবং রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮)।
শুক্রবার দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





