ওসমানী হাসপাতালের ৮ জনের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ওসমানী হাসপাতালের ৮ জনের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ - Surma Times | Sylhet News

sylhet c0bc5ce8ff878d824eda41cf3087153b

সুরমা টাইমস ডেস্কঃঃ

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিন জ্যেষ্ঠ স্টাফ নার্সসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত বাদী হয়ে মামলাটি করেছেন। সিলেটের জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাবিবুর রহমান সিদ্দিকের আদালতে মামলাটি দাখিল করা হয়।news image baa71d08893e31b762412afc6855aad01726724664 original 1726731045

 

মামলার আসামীরা হলেন- হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স ইসরাইল আলী সাদেক, আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব, হাসপাতালে কর্মরত পুলিশ কনস্টেবল জনি চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, নিরাপত্তা প্রহরী আবদুল জব্বার ও সরদার মো. আবদুল হাকিম। এর মধ্যে ইসরাইল আলী সাদেক একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সংঘবদ্ধ দুর্নীতি চক্রের সদস্য। ওই চক্রের সদস্যদের কাছে হাসপাতালের শত শত নার্স ও কর্মচারী জিম্মি। তাঁরা হাসপাতালের কর্মচারীদের জিম্মি, প্রতারণা, ঘুষবাণিজ্য ও টাকা আত্মসাৎ করে অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছেন।

চাকরি হারানো ও বদলির ভয়ে আসামিদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। আসামিরা হাসপাতালে প্রতারণা, দুর্নীতি, টাকা আত্মসাৎ, চুরি, বাটপাড়ি, টেন্ডার বাণিজ্য, অনিয়ম, অব্যবস্থাপনা, বিনা মূল্যে সরকারি ঔষধ না দিয়ে দালালদের মাধ্যমে বাইরে বিক্রি, ও টি থেকে ঔষধ চুরি করে দালাল দিয়ে বাইরের ফার্মেসিতে বিক্রি করতেন বলেও অভিযোগ আছে।

এজাহারে আরও বলা হয়, ইসরাইল সিনিয়র স্টাফ নার্স হয়েও একচ্ছত্র ক্ষমতার অধিকারী এবং অবৈধভাবে রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। ক্ষমতার দাপটে কাউকে তোয়াক্কা করেন না। তিনি হাসপাতালের অঘোষিত মালিক ও নিজেকে ‘মুকুটহীন সম্রাট’ মনে করেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, যৌন হয়রানি, ভুয়া বিল করে উপপরিচালকের নামে অর্থ আত্মসাৎ, করোনায় নার্সদের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ আছে।

সিলেট শহরে ইসরাইল আলীর নামে ও দখলে ছয় থেকে সাতটি বহুতল ভবন, স্ত্রী-সন্তানদের নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ আছে বলে অভিযোগ করা হয়। রোগী পরিবহন ও মাদক-আগ্নেয়াস্ত্র ব্যবসার জন্য ইসরাইল আলীর নামে-বেনামে ৩৫ থেকে ৪০টি নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। এসব অ্যাম্বুলেন্সের বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

পুলিশ কনস্টেবল জনী চৌধুরী দীর্ঘ ১০ বছর হাসপাতালে কর্মরত থেকে হাসপাতালের ভেতরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন। কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানকে সংঘবদ্ধ দুর্নীতিবাজদের চক্রের একজন সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত অন্যরাও একই চক্রের সদস্য হিসেবে হাসপাতালের ভেতরে সব ধরনের অপরাধে জড়িত থেকে অবৈধভাবে প্রচুর টাকার মালিক হয়েছেন বলে এজাহারে বলা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article