আন্দোলনে ভয় পেয়ে সরকার দুদুকে আটক করেছে: রিজভী

আন্দোলনে ভয় পেয়ে সরকার দুদুকে আটক করেছে: রিজভী - Surma Times | Sylhet News

rizvi 22 2

সুরমা টাইমস ডেস্কঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ঘোষিত আন্দোলন কর্মসূচিতে ভয় পেয়েই ফ্যাসিস্ট সরকার শামসুজ্জামান দুদুকে আটক করেছে। অবিলম্বে আমি তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাই।

আজ সোমবার (৬ই নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

 

রুহুল কবির রিজভী বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন একাত্তরের দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে।

 

সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াতো, স্বাধীনতার অর্ধশতাব্দী কাল পরও তেমনই এদেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

বিবৃতিতে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, টার্গেট করা ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের বাবা, ভাই কিংবা অন্য সদস্যদেরকে অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। আটককৃতদের কিংবা তাদের আত্মীয়স্বজনদের থানায় নিয়ে নির্যাতন করা হচ্ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে শুরু হয়েছে তাণ্ডব।

বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে জানিয়ে রিজভী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের আন্দোলন কর্মসূচিতে ভয় পেয়েই সরকার শামসুজ্জামান দুদুকে আটক করেছে। বিবৃতিতে দুদুকে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article