বর্তমান সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না : মির্জা ফখরুল

বর্তমান সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না : মির্জা ফখরুল - Surma Times | Sylhet News

 

802d9c6c33be8fec09f002a7f4d52ce4ff3ec13ed9c8b4e7

সুরমা টাইমস ডেস্কঃ

বর্তমান এই সংবিধানের অধীনে সুষ্ঠ নির্বাচন হতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ এই সরকার ক্ষমতায় থাকলে সেই নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হতে পারে না। আর এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এদেশের মহিলা, শিশুসহ কোন মানুষের নিরাপত্তা থাকবে না। দেশের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না, গণতন্ত্র চিরতরে চলে যাবে এবং ভোটের অধিকার চলে যাবে।’

আজ শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ‘মহিলা সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপিসহ সমমনা দলগুলোর চলমান আন্দোলনে দেশের অর্ধেক জনগোষ্ঠি নারীদের সরাসরি সম্পৃক্ত করতেই এককভাবে মহিলা সমাবেশের মতো কর্মসূচি পালন করে দলটি। দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলের মহিলা দলের নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন। ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকেও গাড়িতে করে অনেক নেতাকর্মী আসেন। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আবার বিকেলে ঝুম বৃষ্টিতে ভিজে একাকার হয়েছেন নারী নেতাকর্মীরা। তবে আকাশ মেঘলা দেখার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে সমাবেশের কার্যক্রম শেষ করে আয়োজক সংগঠক মহিলা দল।

সমাবেশে নারী নেত্রীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের মধ্যে দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন তারা। তাদেরকে সংসদ বিলুপ্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে একটি নতুন ইসি গঠন করে নির্বাচন দিতে হবে। তাহলেই দেশের একমাত্র এই সংকট থেকে মুক্ত হওয়া সম্ভব।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের কাছে কেউ নিরাপদ নয়। গণতন্ত্রও নিরাপদ নয়। বিশেষ করে এদেশে এখন মহিলাদের নিরাপত্তা নেই। আর দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে মহিলাদের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে না। আজকে সমস্ত দেশ বিপদগ্রস্ত হয়েছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশেষ করে চাল, ডাল, তেল ও লবণসহ প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বেড়েছে তাতে মা-বোনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। সরকার জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছে। সেই দাম কেউ মানছে না।’

নারীনেত্রীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আজ সরকার জোর করে আবারও ক্ষমতায় থাকতে চায়। আপনারা কি সেটা দেবেন? সরকারকে কি আবার ক্ষসতায় থাকতে দেবেন? এরা কাউকেই ছাড় দেয়নি। মা-বোনদেরকে গ্রেপ্তার করে তারা কারাগারে পাঠিয়েছে। অন্যায়ভাবে নির্যাতন করেছে। বিএনপির অংসখ্য নারী নেত্রীর ওপর অত্যাচার ও নির্যাতন করেছে। এই সরকার অত্যাচারের সরকারে পরিণত হয়েছে।’

তিনি বলেন, আজকে আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, সর্বপ্রথম বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। আমরা আশা করি যে, তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর জন্য বলা হয়েছে। আমরা আশা করি যে, এই সরকার অবৈধ হলেও তারা খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দিবে।

অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, একটি মাত্র কারণ, সেটা হলো- তারা জানেন যে, বেগম জিয়া যদি বাইরে থাকেন তাহলে জনগণের সেই স্রোতকে তারা বন্ধ করতে পারবে না। আর তাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘নারী সমাজ রাজপথে নেমেছে। কারণ নারীদের অধিকার অপহরণ করা হচ্ছে। তারা খেতে পারছে না এবং সন্তানকে খেতে দিতে পারছে না। দেশে চলছে হাহাকার। এজন্য আজ দেশের নারী সমাজ জাগ্রত হয়েছে। কঠিন আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করানো হবে।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের নেত্রী আফরোজা খান রিতা, জেবা খান, নার্গিস আলী, নাজমুন নাহার বেবি, নুরজাহান মাহবুব, নেওয়াজ হালিমা আরলী, নিলোফার চৌধুরী মনি, রোজিনা ইসলাম, জাহান পান্না, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, নায়েবা ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article