সিলেট নগর ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনাসদস্য নিহত

সিলেট নগর ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনাসদস্য নিহত - Surma Times | Sylhet News

88787 copy 20230603184823

নিজস্ব প্রতিবেদক::

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

 

আজ শনিবার (৩রা জুন)বেলা আড়াইটার দিকে সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ১২ তলার ছাদ থেকে হঠাৎ করেই একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভিতরে ঐ  সেনা সদস্যের মাথায় এসে পড়লে সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত দেলোয়ার হোসেন সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। দুর্ঘটনার সময় দেলোয়ার নগরভবনের পাশ্ববর্তী সিটি সুপার মার্কেটে ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

নিহত দেলোয়ার হোসেন সিলেট সেনানিবাসের লেন্স করপোরাল হিসেবে কর্মরত ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড আর্টিলারির সদস্য। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার রাংনি উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজের জন্য নগরভবনের নির্মাণকাজে জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিলেট সিটি কির্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগর ভবনের ১১ ও ১২ তলার নির্মাণ কাজ চলছে। আজ দুপুরে নির্মান কাজ চলাকালেই এই দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্খিত এই ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

 

এদিকে এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করছে সিলেট সিটি করপোরেশন। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলীম শাহ।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে। অন্যান্য সদস্যরা হলেন গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী ‍রিপন কুমার রায়, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article