ফের বাড়ল বিদ্যুতের দাম, কাল থেকেই কার্যকর

ফের বাড়ল বিদ্যুতের দাম, কাল থেকেই কার্যকর - Surma Times | Sylhet News

electricity

সুরমা টাইমস ডেস্কঃ

দুই মাসের ব্যবধানে গ্রাহক পর্যায়ে তৃতীয়বারের মতো ফের বাড়ানো হলো বিদ্যুতের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে গ্রাহক পর্যায়ে ৫ শতাংস দাম বৃদ্ধি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুতের নতুন দাম আগামীকাল বুধবার (১লা  মার্চ) থেকেই তা কার্যকর হবে।

গত দুইবারের মতো এবারও বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০শে জানুয়ারি ও ১২ই জানুয়ারি প্রজ্ঞাপনে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ করে বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। আজ বাড়ানো হলে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হবে বিদ্যুতের দাম।

আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করত এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আইন সংশোধন করে এ ক্ষমতা হাতে নিয়েছে সরকার। এর পর থেকে নির্বাহী আদেশে দাম বাড়াচ্ছে বিদ্যুৎ বিভাগ।

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যুৎকেন্দ্র থেকে চুক্তি অনুসারে নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। এরপর তারা উৎপাদন খরচের চেয়ে কিছুটা কম দামে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। ঘাটতি মেটাতে পিডিবি সরকারের কাছ থেকে ভর্তুকি নেয়। তবে বিতরণ সংস্থাগুলো কোনো ভর্তুকি পায় না। তারা নিয়মিত মুনাফা করছে। গত অর্থবছরেও মুনাফা করেছে বিতরণ সংস্থাগুলো।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article