দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে

দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে - Surma Times | Sylhet News

333647111 568528785331903 8160428935082349173 n

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটে অভিজিৎ স্মরণ অনুষ্ঠানে বক্তারা::

বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার বিচার সম্পন্ন হলেও এখনো খুনিদের শাস্তি নিশ্চিত না ক্ষোভ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চ, সিলেটের নেতারা।
অভিজিৎ রায় হত্যার আট বছর পূর্তি উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় অভিজিৎ স্মরণ অনুষ্ঠানে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিজিৎ হত্যার আট বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। উল্টো সরকার এখন মৌলবাদীদের সাথেই আপোস করে চলছে। মৌলবাদীদের চাপে সম্প্রতি পাঠ্যপুস্তকও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগ দেশকে আরো পিছিয়ে নেবে।

সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে গণজাগরণ মঞ্চ, সিলেট। এসময় অভিজিতের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও আলোকপ্রজ্জ্বলনের মাধ্যমে খুন হওয়া এই লেখককে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, অভিজিৎ রায় একটি বিজ্ঞান মনস্ক, উদার ও যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে লেখালেখি করেছেন। এ কারণে তাকে প্রাণও দিতে হয়েছে। অভিজিৎসহ কয়েকজন যুক্তিবাদী লেখককে হত্যা এবং সরকারের আপোসের কারণে এখন মৌলবাদী গোষ্ঠি আরো শক্তিশালী হয়ে উঠেছে। দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে। মানুষজন কথা বলতেও ভয় পায়। লেখকরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারেন না। অভিজিৎ স্মরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক আশিক শাওন, কবি আবিদ ফয়সাল, মাহবুব রাসেল, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল, শিক্ষক নিরঞ্জন সরকার, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি সহিদুজ্জামান পাপলু ও নাবিল এইচ, সংস্কৃতি কর্মী অরূপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, উত্তম কাব্য, অপু মজুমদার, সাবেক ছাত্রনেতা স্বপন মাহমুদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, ছাত্রফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, শাবিপ্রবি শাখার সভাপতি তানভীর রহমান, প্রথম আলো বন্ধুসভা, সিলেটের সাবেক সভাপতি সিকান্দার আহমদ শাকির, সাংবাদিক শাহ শরিফ উদ্দিন, কবি মিসবাহ জামিল প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article