সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা - Surma Times | Sylhet News

সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা - Surma Times | Sylhet Newsসিলেট, ২৮ নভেম্বর ২০২৬। সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলা রোডে অবস্থিত ব্যাংকটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ব্যাংক কার্যালয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ের প্রবেশগেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা।

এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা নৈশপ্রহরী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে আশপাশের পথচারীরা এগিয়ে আসে। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের তৎপরতায় সাইনবোর্ডে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ফলে ব্যাংক কার্যালয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরে থাকা সাইনবোর্ডে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে সিলেট মহানগরীর উপশহরস্থ গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও মোগলাবাজার শাখায়ও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরপর এমন ঘটনায় ব্যাংক কার্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article