
সুনামগঞ্জ, ২০ নভেম্বর: এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটককৃত ইমামের নাম সাদিকুর রহমান (৪২)। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমাম।
শুক্রবার বিকেলে পুলিশের কাছে ইমাম সাদিকুর রহমানকে হস্তান্তর করে ইয়ারাবাদ গ্রামের লোকজন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের কক্ষের লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় লোকজন। ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ওই ইমামের বিরুদ্ধে।
ইমাম সাদিকুর রহমান ১১ মাস যাবৎ ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।
এক ভিডিওতে দেখা যায়, আটককৃত ইমাম পুলিশ ও গ্রামবাসীর কাছে কিশোরীর হাত ধরার কথা স্বীকার করে বলছেন, ওই মেয়েই তার রুমে ঢুকেছিল। তার হাত ধরছেন তিনি। পরে মানুষ দেখতে পেয়ে যাওয়ার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিল।
তিনি বলেন, অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি। আমি গরিব মানুষ। একটা ঘর ছাড়া আমার বাবার কিছুই নেই। আমারে আল্লার ওয়াস্তে মাফ কইরা দেইন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়ারাবাদ গ্রামের ওই কিশোরী মসজিদের পাশ দিয়ে গ্রামের দোকান থেকে চা পাতা কিনে আনতে গিয়েছিল। এ সময় ইমাম তাকে জোর করে তার রুমে টেনে নেয়। গ্রামের দুই স্কুল ছাত্র ওই কিশোরীকে ইমাম তার রুমে টেনে নিয়ে যেতে দেখেন। তারা আশপাশের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন ইমামের রুমে ঢুকে তার বিছানায় থাকা লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। গ্রামের লোকজন ইমাম সাদিকুর রহমানকে আটকে রেখে পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কিশোরীকে উদ্ধারকারী ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, সকালে দুইজন স্কুল ছাত্র এসে জানায় ইমাম সাব ওই মেয়েকে টেনে তার রুমের ভেতরে নিয়ে গেছে। পরে ইমাম সাবের রুমের ভেতরে গিয়ে তার লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর সবার সামনে ইমাম সাব মেয়ের হাত ধরার কথা স্বীকার করেছেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইয়ারাবাদ গ্রাম থেকে মসজিদের ইমামকে আটক করে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






