সিলেটে পর্তুগিজ রাজকন্যা, আলোচনায় চা ও শ্রমিকদের ন্যায্য মজুরি

সিলেটে পর্তুগিজ রাজকন্যা, আলোচনায় চা ও শ্রমিকদের ন্যায্য মজুরি - Surma Times | Sylhet News

সিলেটে পর্তুগিজ রাজকন্যা, আলোচনায় চা ও শ্রমিকদের ন্যায্য মজুরি - Surma Times | Sylhet Newsঢাকা, ১৯ নভেম্বর ২০২৬। বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরতে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের ঐতিহাসিক হাউস অব ব্রাগানজার সদস্য ও কোইমব্রার ডাচেস ইনফান্টা মারিয়া ফ্রান্সিসকা। সফরের অংশ হিসেবে তিনি সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং চা শিল্প, শ্রমিকদের জীবনমান ও খাতটির টেকসই ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

মারিয়া ফ্রান্সিসকার এই সফর ও সংশ্লিষ্ট কর্মসূচির আয়োজন করছে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশ। বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ নামে একটি বিশেষ চায়ের মিশ্রণ তৈরি করেছে। আয়োজকেরা জানিয়েছেন, পর্তুগিজ রাজপরিবার এই চাকে নিজেদের ‘রাজপরিবারের চা’ হিসেবে গ্রহণ করেছে। বিশ্বের অন্তত ৪৩টি দেশের চা নিয়ে কাজ করার পর বাংলাদেশ তাদের ৪৪তম চায়ের উৎস হিসেবে যুক্ত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে লন্ডন টি এক্সচেঞ্জের আউটলেটে ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মারিয়া ফ্রান্সিসকা সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি রয়্যাল রিসেপশনে যোগ দেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

সফরের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জেডএএফ ফাউন্ডেশনের সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। এ ছাড়া সিলেটে স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন মারিয়া ফ্রান্সিসকা। সেখানে সিলেটের চা, এর ঐতিহ্য এবং আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান পরিদর্শনও তাঁর সফরসূচির অন্তর্ভুক্ত। এ সময় চা শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শ্রমিকদের মজুরি, জীবনমান, কর্মপরিবেশ এবং চা শিল্পের টেকসই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। মৌলভীবাজারে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের নবপ্রতিষ্ঠিত চা প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কারখানাও পরিদর্শন করবেন তিনি।

মারিয়া ফ্রান্সিসকা গ্লোবাল ফেয়ার পে চার্টারের একজন স্বাক্ষরকারী। ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং দারিদ্র্য হ্রাস এ চার্টারের মূল লক্ষ্য। তাঁর সফরসঙ্গী শেখ আলিউর রহমান গ্লোবাল ফেয়ার পে চার্টারের প্রতিষ্ঠাতা। লন্ডন টি এক্সচেঞ্জ এবং জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণাপ্রতিষ্ঠান ইউনিটারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

লন্ডন টি এক্সচেঞ্জের প্রত্যাশা, পর্তুগিজ রাজকন্যার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের চা শ্রমিকদের মজুরি, সামাজিক নিরাপত্তা ও জীবনমানের বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্ব পাবে। আয়োজকরা জানান, বাংলাদেশের চা, পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক সংযোগ এবং চা শ্রমিকদের কল্যাণের বিষয়গুলোকে একসঙ্গে তুলে ধরার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article