সন্ন্যাসীর ছদ্মবেশে পালাতে ব্যর্থ, চাকুসহ ধরা পড়ল শীর্ষ ছিনতাইকারী মাছচোরা রাজীব

সন্ন্যাসীর ছদ্মবেশে পালাতে ব্যর্থ, চাকুসহ ধরা পড়ল শীর্ষ ছিনতাইকারী মাছচোরা রাজীব - Surma Times | Sylhet News

সন্ন্যাসীর ছদ্মবেশে পালাতে ব্যর্থ, চাকুসহ ধরা পড়ল শীর্ষ ছিনতাইকারী মাছচোরা রাজীব - Surma Times | Sylhet Newsসিলেট, ৭ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকা শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে মাছচোরা রাজীবকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি সুইচগিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া পুলিশ এসল্ট মামলার প্রধান আসামি এই রাজীবের বিরুদ্ধে রয়েছে পাঁচটিরও বেশি মামলা।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করে এসএমপি। বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি স্পেশাল টিমের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ধূর্ত এই অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ টিম।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর ২৪(৮)২৬-এর (পুলিশ এসল্ট) এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা, দুটি দস্যুতার মামলা এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট পাঁচটিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

পুলিশ জানায়, আইনের চোখ ফাঁকি দিতে রাজীব প্রতিনিয়ত ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকত। গ্রেপ্তারের ঠিক পূর্ব মুহূর্তেও নিজেকে আড়াল করতে সে এক সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেছিল। তবে শেষ পর্যন্ত এসএমপির চৌকস টিমের নজর এড়াতে পারেনি এই শীর্ষ ছিনতাইকারী।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর অপরাধে জড়িত থেকে বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলা এক দুর্ধর্ষ অপরাধীর গ্রেপ্তার নগরবাসীর মধ্যে স্বস্তির বার্তা বয়ে এনেছে। এই ধরনের অভিযান অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরির পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সক্রিয় ভূমিকারও প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article