সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির - Surma Times | Sylhet News

জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির - Surma Times | Sylhet Newsসিলেট, ৫ সেপ্টেম্বর: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বিমান চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, খুব শিগগির সিলেট-ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার দুপুরে সিলেট নগরের এক হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হবে। একই সঙ্গে বিমানবন্দর থেকে আরও আন্তর্জাতিক রুট চালুর চেষ্টা চলছে। এর অংশ হিসেবে টার্কিশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করে সিলেট থেকে ইস্তাম্বুলে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে।

নতুন এই রুট চালু হলে সিলেটের প্রবাসীদের আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হবে। ইস্তাম্বুলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তারা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন। দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে একটি বিদেশি এয়ারলাইনস। গত ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যেই ইস্তাম্বুল রুট চালুর এ ঘোষণা এসেছে।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগের কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেনজেনভুক্ত বিভিন্ন দেশসহ পর্তুগাল ও ফিনল্যান্ডে পড়তে যেতে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ার জন্য দিল্লিতে যেতে হয়। এতে তাদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।

হুমায়ুন কবির জানান, শিক্ষার্থী ও ভিসাপ্রত্যাশীদের এই ভোগান্তি কমাতে দিল্লিতে থাকা বিভিন্ন দেশের ভিসা সেন্টার আবার বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে। বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়ে ভিসাসংক্রান্ত সেবাগুলো দেশের ভেতরে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

সিলেট থেকে নতুন আন্তর্জাতিক রুট চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসী ও শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article