সিলেট, ৩১ আগস্ট: কবি ও সংগঠক এম. আলী হোসাইনের পিতা হাজী হাফিজ মোঃ আফতাব মিয়া ইন্তেকাল করেছেন। সোমবার রাত ১২টা ৫০ মিনিটে শহরতলীর তেতলি নিশ্চিন্তপুর গ্রামে নিজ বাড়িতে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এলাকার এই প্রবীণ ও শ্রদ্ধেয় মুরব্বি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম এম. আলী হোসাইন মাসিক প্রতিভাতের সম্পাদক, প্রতিভাত সাহিত্য পরিষদের সভাপতি, গ্রীণ প্ল্যান সিলেট, স্বদেশ ফোরাম সিলেট ও দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এবং সুরমা নন্দিনীর সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতার জানাজার নামাজ আজ সোমবার বেলা দুইটায় নিশ্চিন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন হাজী হাফিজ মোঃ আফতাব মিয়া। শহরতলীর নিশ্চিন্তপুর মোল্লাবাড়ি তথা গোটা এলাকার সবচেয়ে প্রবীণ এই গুণীজন মৃত্যুকালে রেখে গেছেন সাত ছেলে ও এক মেয়েসহ ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী। বৃহত্তর কামাল বাজার এলাকার বিভিন্ন মসজিদে দীর্ঘদিন ইমামতি এবং মক্তবে শিক্ষকতা করেছেন তিনি, যে কারণে দেশে-বিদেশে ছড়িয়ে আছেন তার অসংখ্য ছাত্র-ছাত্রী।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট, সুরমা নন্দিনী, গ্রীণপ্ল্যান সিলেট, ঐতিহ্য সন্ধানী কাগজ অনুপ্রাণন, স্বদেশ ফোরাম সিলেট এবং দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠন। এক শোকবার্তায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, হাজী হাফিজ মোঃ আফতাব মিয়া ছিলেন অত্যন্ত খোদাভীরু, পরহেজগার, বিনয়ী ও অমায়িক স্বভাবের মানুষ, সাদামাটা জীবনযাপনের মধ্য দিয়েই তিনি সকলের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও উল্লেখ করা হয় বার্তায়।
তার ইন্তেকালের খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকবার্তায় বিবৃতিদাতা সকল সংগঠনই মরহুমের পরকালীন শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।





